পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর' হিসেবে পরিচিত ছিল শিশুটি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে।
দ্বীপ ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার বয়স ছিল তিন বছর তিন মাস। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২৫ মিনিট পর, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল স্থানীয় নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে তাঁর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যেত দ্বীপকে। হাসিমুখ আর সাবলীল উপস্থিতির কারণে অল্প সময়েই সে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার শিশুটির পানিতে ডুবে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে পরিবারের পক্ষ থেকে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানান। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সেখানে শোক ও সমবেদনা জানান। অনেকে শিশুটির ভিডিও দেখার স্মৃতি এবং তার প্রতি ভালোবাসার কথা মন্তব্যে লেখেন।
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুমৃত্যু নতুন নয়। গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি একটি প্রতিবেদনে বলা হয়েছিল, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত জেলায় অন্তত ২৭ শিশু বিভিন্ন জলাশয়ে ডুবে মারা গেছে। এর মধ্যে বাহুবলে মারা গেছে দুজন। বেশিরভাগ ঘটনায় অভিভাবকদের অগোচরে খেলতে গিয়ে শিশুরা পানিতে পড়ে যায়।
মতামত দিন