Views Bangladesh Logo

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন বলে জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ‘আজকের বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদের ডেকে তারা কোনো সমাধান দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে যাবে। খুব দ্রুতই এ কর্মসূচির বিষয়ে জানানো হবে।’

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করবো। বর্তমানে ব্লকেড কর্মসূচি শিথিল রয়েছে। যদি আমাদের হার্ডলাইনে যেতে হয় সেটি আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।’

এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে ওই বৈঠক শুরু হয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে এতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। তারও আগে বৈঠকে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আসেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ