রোববার সারাদেশে পলিটেকনিকে বিক্ষোভ, হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি
হাইকোর্টের একটি রিট মামলায় দেওয়া রায় বাতিলের দাবিতে আগামীকাল রোববার (১৮ মে) হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। একইসঙ্গে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতেও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১৭ মে) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, ‘আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। ক্রাফট ইন্সট্রাক্টরদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। এছাড়া হাইকোর্টের যে রায় রয়েছে, তা এখনও নিষ্পত্তি হয়নি। আমরা চাই, এই রায়টি স্থায়ীভাবে বাতিল করা হোক।’
তিনি জানান, রোববার হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। সে উপলক্ষে ঢাকার শিক্ষার্থীরা আদালতের সামনে অবস্থান নেবেন এবং সারাদেশের ইনস্টিটিউটে পালিত হবে বিক্ষোভ কর্মসূচি।
আন্দোলনের আরেক নেতা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে একটি খসড়া রূপরেখা তৈরি হয়েছে। সরকার পদবি পরিবর্তনের উদ্যোগ নিলেও তার বাস্তব অগ্রগতি দেখতে চাই আমরা।’
গত ১৬ এপ্রিল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করলে তারা আন্দোলন স্থগিত করলেও পরে তা আবার চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
এছাড়া ৭ মে শাটডাউন কর্মসূচি শিথিল করে ক্লাস চালুর ঘোষণা এলেও শিক্ষার্থীরা ফরম পূরণ ও পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে