Views Bangladesh Logo

ছয় দাবিতে দেশজুড়ে বিক্ষোভ পলিটেকনিক শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা দিয়ে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) সকালে কারিগরি ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। দক্ষিণ গেট থেকে মিছিলটি বের করে ক্যাম্পাসের আশেপাশের এলাকা প্রদক্ষিণ শেষে উত্তর গেটে সমাবেশে মিলিত হন তারা।

কারিগরি ছাত্র আন্দোলনের ক্যাম্পাস প্রতিনিধি মাশফিক ইসলাম জানান, আন্দোলনের পরবর্তী কর্মসূচি তাদের ফেসবুক পেজে ঘোষণা করা হবে।

সারা দেশে চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী তাদের দাবি আদায়ে কয়েক মাস ধরে বিক্ষোভ করে আসছেন। অন্য দাবিগুলো হচ্ছে, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন ও হাইকোর্টে মামলা সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল ও সেই নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম ও একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে চালু এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের পর ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়সহ দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশ লাঠিচার্জ করলে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সামনে আসে।

১৭ এপ্রিল দেশজুড়ে রেল অবরোধের পর সরকারের বিভিন্ন স্তরের আশ্বাসে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ১৮ এপ্রিল মাথায় কাফন পরে বিক্ষোভ ও ১৯ এপ্রিল ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালিত হয়।

২০ এপ্রিল আগারগাঁও নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকা জেলা সমাবেশে আন্দোলন জোরদারের ঘোষণা দেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ