তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তাদের এ সড়ক অবরোধের কারণে চারদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো-২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে, উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে এবং উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থী নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, তারা তাদের প্রতিষ্ঠানটিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সমতুল্য করার দাবি জানান।
তিনি আরও বলেন, ‘আমরা মগবাজার ও মহাখালী পর্যন্ত দুই লেনেই বাঁশের ব্যারিকেড দিয়েছি। যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, ততক্ষণ আমরা ছাড়ব না।’
এদিকে শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের প্রভাব পড়েছে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত এবং এর আশেপাশের সড়কগুলোতেও। এতে মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে