প্রধান উপদেষ্টা, তারেক রহমান, শফিকুর রহমান কে কোথায় ভোট দেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান–২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে ডাক বিভাগের যানবাহন। পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের ভেতরে ও বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ থাকবে।
এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালট পরিবহনে নিয়োজিত ডাক বিভাগের গাড়িগুলো এ সময়ে অবাধে চলাচল করতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে