Views Bangladesh Logo

ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে পড়েছে: মরিনিওর বিস্ফোরক মন্তব্য

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন হোসে মরিনিও। পর্তুগিজ এই কোচের মতে, কোনো খেলোয়াড় দলকে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জেতাতে পেরেছেন কি না, সেটিকে ব্যালন ডি’অর দেওয়ার প্রধান মানদণ্ড করা উচিত নয়। বরং যার প্রতিভা ও খেলা দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে দাগ কাটে, স্বীকৃতি পাওয়া উচিত তারই।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মরিনিও এমন কয়েকজন কিংবদন্তির নাম উল্লেখ করেন, যাদের খেলা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি ও জিনেদিন জিদানের উদাহরণ টেনে তিনি বলেন, প্রকৃত সেরা খেলোয়াড়ের পরিচয় পাওয়া যায় তার অবসর নেওয়ার পরও তাকে কতটা মনে পড়ে, সেই জায়গা থেকে।

মরিনিওর ভাষায়, ব্যালন ডি’অর এমন খেলোয়াড়ের হাতে ওঠা উচিত, যাকে ক্যারিয়ার শেষ করার পরও ফুটবলবিশ্ব অনুভব করবে। তিনি বলেন, ম্যারাডোনার খেলা তিনি মিস করেন, রোনালদো নাজারিওকে মিস করেন, একইভাবে মেসি ও জিদানের মতো তারকাদেরও এখনো মিস করেন।

দলীয় শিরোপাকে ব্যক্তিগত পুরস্কারের প্রধান বিবেচনা করার বিরোধিতা করেছেন মরিনিও। তার যুক্তি, চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জয়ের মতো দলীয় সাফল্যের জন্য যদি কাউকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হয়, তাহলে সেই স্বীকৃতির দাবিদার কোচরাও। উদাহরণ হিসেবে তিনি পিএসজির কোচ লুইস এনরিকে এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নাম উল্লেখ করেন।

মরিনিও আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড় বলতে কেবল কোনো নির্দিষ্ট ক্লাব কিংবা জাতীয় দলের খেলোয়াড়কে বোঝানো ঠিক নয়। তার মতে, একাধিক ফুটবলার রয়েছেন, যাদের অসাধারণ সামর্থ্য সম্পর্কে ফুটবলপ্রেমীদের কোনো সন্দেহ নেই। সেরা খেলোয়াড়ের তালিকায় দুজন, তিনজন কিংবা চারজনও থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

ব্যালন ডি’অরের নির্বাচন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে গিয়ে শেষ পর্যন্ত পুরস্কারটির সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন মরিনিও। তার ভাষায়, এই পুরস্কারের প্রক্রিয়ায় রাজনীতির প্রভাব রয়েছে। আর কোনো ক্রীড়া পুরস্কারের মূল্যায়নে রাজনীতি যুক্ত হলে সেটি তার কাছে আর আগের মতো আকর্ষণীয় থাকে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ