রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না করলে রাজনীতির দরজা বন্ধ: আইনমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন—এ পথে অব্যাহত থাকলে তাদের জন্য রাজনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
রোববার (২২ মার্চ) রাতে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে ‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কালো টাকার মালিকদের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের জনসমক্ষে এনে বিচারের মুখোমুখি করা হবে, নতুবা দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও জানান, শিগগিরই দলের ভেতরে একটি ‘শুদ্ধি অভিযান’ পরিচালনা করা হবে।
কৃষি ও পরিবেশ সুরক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় ব্যবহার বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আবাদি জমি নষ্ট করে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে বিকল্প হিসেবে নদীর মাটি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে