Views Bangladesh Logo

নিষেধাজ্ঞা সত্ত্বেও বেরোবিতে রাজনৈতিক সহিংসতা অব্যাহত, ক্ষোভ শিক্ষার্থীদের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তা মানছে না কোনো পক্ষই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই আদেশ তোয়াক্কা না করেই ক্যাম্পাসে তাদের প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। শহীদ আবু সাঈদের রক্তস্নাত ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের ঘোষণার পর পুনরায় এমন রাজনৈতিক সহিংসতা ও সংঘাতের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গত সোমবার (৩ আগস্ট) ক্যাম্পাসে একটি ব্যানার খোলাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন গুরুতর আহতসহ মোট ২০ জনের মতো আহত হন। এর পরদিনই ক্যাম্পাসে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া দিতে দেখা যায়, যা পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারিরও আবেদন জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক পরিবেশ ধ্বংস করছে এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ও বক্তব্য দিয়ে উপাচার্য নিজেই এসব রাজনৈতিক কার্যক্রমকে বৈধতা দিচ্ছেন বলে তারা অভিযোগ তুলছেন। তাই কেবল কাগজে-কলমে ঘোষণা না দিয়ে বাস্তবে রাজনীতি বন্ধে প্রশাসনকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতি নিষিদ্ধের পর ক্যাম্পাসে এভাবে সংঘর্ষ, অস্ত্রের মহড়া ও উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত থাকা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোনো সংঘাত চাই না, একটি নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে যারা ক্যাম্পাস অস্থিতিশীল করছে, পরিচয় নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা পুনরায় চালুর অনুমতি চেয়ে ছাত্রদল ও শিবির থেকে লিখিত আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি সচল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসন ইতোমধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন হাতে পেলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো সত্যিই উদ্বেগজনক বলে স্বীকার করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ