Views Bangladesh Logo

অপরাধ স্বীকার-অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

অপরাধের স্বীকৃতি ও ও অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা বা রিকনসিলিয়েশন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশের একটি অংশ এখনো আওয়ামী লীগের সমর্থক। তাই দলটির সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে রাজনৈতিক মীমাংসার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে তার আগে দলটিকে নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, রিকনসিলিয়েশনের মূল ভিত্তি হলো মৌলিক সত্যের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দল অপরাধ করে থাকলে সেই অপরাধ স্বীকার এবং তার জন্য অনুতপ্ত হওয়ার পরই পুনর্মিলনের আলোচনা এগোতে পারে।

তথ্য উপদেষ্টা বলেন, অপরাধ স্বীকার বা অনুতাপ প্রকাশ করলেও ফৌজদারি অপরাধের দায় শেষ হয়ে যায় না। সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রচলিত আইনে বিচার ও আইনগত ব্যবস্থা চলবে।

তাঁর ভাষ্য, ৫ আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ও কর্মকাণ্ডে এখনো অনুতাপের প্রকাশ দেখা যাচ্ছে না। বরং হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির বার্তা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করা কঠিন।

যারা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলছেন, তাদের দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, মধ্যস্থতার মাধ্যমে সমঝোতা করতে চাইলে আগে আওয়ামী লীগের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিবেশ তৈরি করতে হবে। এ বিষয়ে দলটির নেতৃত্বের সঙ্গে কথা বলারও আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে সাম্প্রতিক চাঁদাবাজির অভিযোগ নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। নির্মাণাধীন ভবন বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নাম বা দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মিরপুরের সাম্প্রতিক ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে সরকার এ বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছে বলেও জানান তিনি।

অপরাধ দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর সক্ষমতা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের দায়িত্ব অনুযায়ী নিয়মিত কাজ করছে এবং প্রচলিত আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। সরকারি দলের পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অবস্থান হলো, অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ