পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের মত করার চেষ্টা চলছে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চলমান বিক্ষোভ উত্তাল পরিস্থিতিকে বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের সঙ্গে তুলনা করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের সচিবালয় 'নবান্ন'তে আয়োজিত একটি প্রশাসনিক নিরীক্ষা বৈঠকে সোমবার মমতা এ বিষয়ে কথা বলেন।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতার অভিযোগ, হাসপাতালের ঘটনার সুযোগ নিয়ে সারা বিশ্বে তার রাজ্যের ‘বদনাম’ করা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের ঘটনারও তুলনা করার
প্রসঙ্গ ধরে মমতা বলেন, “তাদের বোঝা উচিত, বাংলাদেশ আলাদা রাষ্ট্র। ভারত আলাদা রাষ্ট্র। এটি আপনারা মাথায় রাখতে ভুলে গিয়েছেন। বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি। তাদের ভাষাকে সম্মান করি। এখানে বাংলাদেশ হবে না।”
আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি।
“এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পূজায় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।”
এছাড়া মাথা ঠাণ্ডা রেখে এবং সতর্কতার সাথে প্রশাসন চালাতে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন মমতা। সংকট সুরাহায় আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতেও আপত্তি নেই বলে জানিয়েছেন।
শিক্ষানবিশ এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর কলকাতায় বিচারের দাবিতে রাজপথে নামেন সেখানকার প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। বিচারে কালক্ষেপণ করা হচ্ছে অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এখন মমতার পদত্যাগ দাবি করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে