Views Bangladesh Logo

মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তিতে নীতিমালায় পরিবর্তন

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিও (মান্থলি পে-অর্ডার) ভুক্তির লক্ষ্যে ‘জনবল কাঠামো ও এমপিও নীতি-২০২৬’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

কামিল ও ফাজিল মাদ্রাসায় নতুন শর্ত


সংশোধিত নীতিমালা অনুযায়ী, কামিল বা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের জন্য প্রার্থীদের এমপিও তালিকাভুক্ত পদে ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অধ্যক্ষ পদে আবেদনের জন্য উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির বা সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এমফিল ও পিএইচডির মতো উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতার শর্তে যথাক্রমে দুই ও চার বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আলিম মাদ্রাসায় নতুন নিয়ম


আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পেতে ১৮ বছরের চাকরির অভিজ্ঞতার পাশাপাশি সহযোগী অধ্যাপক বা উপাধ্যক্ষ হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া দাখিল মাদ্রাসার সুপার পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলেও অধ্যক্ষ পদের জন্য আবেদন করা যাবে।

আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য সহযোগী অধ্যাপক হিসেবে দুই বছর, দাখিল মাদ্রাসা সুপার হিসেবে তিন বছর অথবা সহকারী সুপার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতার পাশাপাশি মোট ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

দাখিল মাদ্রাসায় যোগ্যতা নির্ধারণ


দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ পেতে সহকারী সুপার হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতার পাশাপাশি ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সহকারী মৌলভি, ইবতেদায়ি প্রধান এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলেও সুপার ও সহকারী সুপার পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই সরকারি সূচক নম্বর (ইনডেক্স নম্বর) থাকতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ