Views Bangladesh Logo

রাজস্ব নীতিনির্ধারণকে আমলাতন্ত্রমুক্ত করা হবে: সংসদে জোনায়েদ সাকি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম পৃথক করা হবে এবং রাজস্ব নীতিনির্ধারণকে সম্পূর্ণভাবে আমলাতন্ত্রমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এনবিআরের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করা হবে। নীতিনির্ধারণ পুরোপুরি আমলাতন্ত্রমুক্ত থাকবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বতন্ত্র নীতিনির্ধারণী সংস্থা গঠন করা হবে।

তিনি বলেন, কর প্রশাসনে সংস্কার, স্বয়ংক্রিয় (অটোমেশন) ব্যবস্থা এবং কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে আগামী অর্থবছরে সরকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

বাজেটে করের আওতা সম্প্রসারণ নিয়ে উদ্বেগের প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অনেকের আশঙ্কা রয়েছে—নতুন করের চাপ মুদি দোকান বা সবজির বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পড়বে। এ ধরনের উদ্বেগ যৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে হবে। শুরুতে করদাতার সক্ষমতা বিবেচনায় একটি নির্ধারিত (ফ্ল্যাট) হারে কর নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কর ফাঁকি, কর জালিয়াতি এবং অতিরিক্ত কর অব্যাহতির কারণে সরকার প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহে ব্যর্থ হয়েছে। এসব অনিয়ম বন্ধে কর প্রশাসনে অটোমেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি জানান, রোববার জাতীয় রাজস্ব বোর্ডসহ পাঁচটি প্রতিষ্ঠানে অটোমেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাজেট বাস্তবায়নের অর্থায়ন নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, অতীতের রাজস্ব সংগ্রহের অভিজ্ঞতার কারণে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে কর সংস্কার, অটোমেশন এবং কর ফাঁকি প্রতিরোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার এই লক্ষ্য অর্জনে আশাবাদী।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ, যেখানে প্রতিবেশীসহ অনেক দেশের বাজেট জিডিপির ৩০ থেকে ৩৩ শতাংশের মধ্যে রয়েছে। তাঁর মতে, দেশের উন্নয়ন চাহিদা পূরণে ভবিষ্যতে রাজস্ব সক্ষমতা আরও বাড়াতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ