১৪ কার্গো এলএনজি ও ইউরিয়া সার আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন
দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে ইউরিয়া সার আমদানি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ড্রাইভিং সিমুলেটর কেনা এবং ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কারিগরি সহায়তার জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় স্বার্থ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে প্রস্তাবটি উপস্থাপন করে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানি সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একটি প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪০টি ড্রাইভিং সিমুলেটর স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যন্ত্র কেনা হবে।
অন্যদিকে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে জাপানের এমএইচআইয়ের কাছ থেকে পরামর্শক সেবা নেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। টেকনিক্যাল সার্ভিসের দ্বিতীয় ধাপের চুক্তির আওতায় একক উৎস পদ্ধতিতে পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সিদ্ধান্তের মাধ্যমে একদিকে দেশের জ্বালানি ও সার সরবরাহ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ জোরদার হবে, অন্যদিকে কারিগরি প্রশিক্ষণের অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
মতামত দিন