Views Bangladesh Logo

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত হওয়া পুলিশের সাবেক সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সচিবালয়ের কাছে এই ঘটনা ঘটে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক কায়সার বলেন, ‘গত সরকারের সময় চাকরিচ্যুত কিছু পুলিশ কনস্টেবল চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ে এসেছিলেন। তাদের সরিয়ে দেয়া হয়েছে।’

চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরানকে ধরে নিয়ে যাওয়ার সময় বলেন, ‘আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের চাকরি ফেরানোর আবেদন জানাচ্ছি; কিন্তু আজ আমাদের কেন ধরে নেয়া হচ্ছে, বুঝতে পারছি না।’

আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, ইমরান ছাড়াও নাজিম ও মঈনুদ্দিন নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

প্রতিবাদকারী তারিকুল ইসলাম বলেন, ‘ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল; কিন্তু কোনোরকমে পালিয়ে এসেছি।’

সরকার পরিবর্তনের পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আগেও ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তরের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে দেখা গেছে।

তাদের দাবি, গত ১৫ বছরে হাজার হাজার পুলিশ সদস্যকে অবৈধ আদেশ না মানা, ছুটি চাওয়া, সামান্য কারণেও বিভাগীয় শাস্তি পাওয়া এবং ভুয়া পরীক্ষার ফাঁদে ফেলে চাকরিচ্যুত করা হয়েছে। তারা সরকারের কাছে নির্বাহী আদেশের মাধ্যমে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেছিল। তবে দাবি পূরণ না হওয়ায় তারা আবার রাস্তায় নেমেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ