রঙ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপে বিব্রত, আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের অস্বস্তি নতুন করে সামনে এসেছে। নতুন পোশাক মেনে নিতে পারছেন না অনেক সদস্য। তারা আগের পোশাকে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।
বর্তমান পোশাকের রঙ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোশাক নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ হওয়ায় অনেক পুলিশ সদস্য বিব্রতবোধ করছেন বলে জানা গেছে।
সোমবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাহিনীর বেশিরভাগ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। তারা দীর্ঘদিনের খাকি পোশাককে বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেন।
বিবৃতিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার নতুন পোশাক নির্ধারণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া ও মাঠপর্যায়ের মতামত উপেক্ষা করেছে। যথাযথ জনমত যাচাই ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকায় পুলিশ সদস্যদের সহজে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়।
অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি পোশাক নির্ধারণ করেছিল। তখন দেশের আবহাওয়া, দিন-রাতের দায়িত্ব পালন ও অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল।
তারা আরও বলেন, পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এ অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানায় যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সহায়তা বৃদ্ধিতে ব্যয় করা অধিক যুক্তিযুক্ত হবে। পোশাকের রঙ নয়, বরং সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নই এখন বেশি জরুরি বলেও মত দেন তারা।
বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে সবার মতামতের ভিত্তিতে নতুন নকশা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ সদস্যদের বছরে পাঁচ সেট পোশাক দেওয়া হয়। প্রায় ২১ বছর পর অন্তর্বর্তী সরকারের সময়ে পোশাকে পরিবর্তন আনা হয়। সর্বশেষ ২০০৪ সালে পোশাক পরিবর্তন হয়েছিল।
অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও অঙ্গীভূত আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত জানুয়ারিতে তিন বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হলেও সমালোচনার মুখে র্যাব ও অঙ্গীভূত আনসারের পোশাকে আর পরিবর্তন আনা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে