Views Bangladesh Logo

সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করছে।

পুলিশ সদর দপ্তর দাবি করেছে, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে এবং অপপ্রচারকারীদের অন্যায় তদবির আমলে নিচ্ছে না। এ কারণে অসন্তুষ্ট একটি মহল মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।

একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ