Views Bangladesh Logo

বর্তমান পোশাকে অসন্তুষ্ট পুলিশ, ফিরতে পারে আগের কোনো পোশাক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই ঐতিহ্যমণ্ডিত কোনো একটি আগের পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে।

শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যার লক্ষ্য পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা।

তিনি আরও বলেন, অতীতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে সেই অবস্থা থেকে ধীরে ধীরে উন্নয়ন ঘটছে। বর্তমান সরকারের লক্ষ্য পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ