Views Bangladesh Logo

হোটেলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের রিলাক্স জোন নামের আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি মিরসরাইয়ের মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। রাঙামাটি জেলা পুলিশ লাইনসে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তারের বয়স ২৭ বছর। তাঁদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে তাহমিনা আক্তার মিরসরাইয়ের জোরারগঞ্জে বাবার বাড়িতে ছিলেন। কর্মস্থল থেকে ছুটিতে এসে কয়েক দিন আগে সেখানে যান আমিনুল। গতকাল সকালে শিশুর জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে বেলা দুইটার দিকে তাঁরা ওই আবাসিক হোটেলে ওঠেন।

আজ সকালে হোটেল কর্তৃপক্ষ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে আমিনুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। একই কক্ষে তাঁর স্ত্রী তাহমিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের শিশুসন্তানও সেখানে ছিল। পরে পুলিশ তাহমিনাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহের নিগার জানান, তাহমিনার মুখ, ঠোঁট ও জিব ফোলা ছিল এবং মুখ বাঁকা হয়ে ছিল। তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। গলায় কোনো কিছু শক্ত করে পেঁচিয়ে রাখার দাগও দেখা গেছে। জ্ঞান থাকলেও তিনি কথা বলতে পারছিলেন না। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আমিনুল ইসলামের বড় ভাই মো. আবুল হাসান জানান, প্রায় দুই বছর আগে আমিনুলের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে দাবি করেন তিনি। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, আমিনুলের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ