Views Bangladesh Logo

আইনজীবী হত্যাসহ ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ চারটি মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। রোববার (৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলার ভার্চুয়াল শুনানি হবে সোমবার।’

তিনি আরও বলেন, ‘হত্যা মামলার পাশাপাশি পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ আরও তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার ভার্চুয়াল শুনানি হবে মঙ্গলবার।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় আরও পাঁচটি মামলা হয়, যার মধ্যে রয়েছে পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ। এসব মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে বলা হয়, আইনজীবী সাইফুল ইসলামকে রিপন দাস বঁটি দিয়ে, চন্দন দাস কিরিচ দিয়ে কোপান। পরে ১৫-২০ জন মিলে তাকে পিটিয়ে হত্যা করেন।

এ ছাড়া চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলাও রয়েছে। ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এ মামলায় ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাইকোর্ট তাকে জামিন দেয়। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে। রোববার চেম্বার আদালতে তার জামিন স্থগিত আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়। ফলে শুনানি অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ