তেল নিতে পাম্পে পৃথক লাইন চায় পুলিশ
জ্বালানি সংকট ও পাম্পে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এতে তাদের নিয়মিত দায়িত্ব পালনেও বাধা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি পাম্পগুলোতে পুলিশের জন্য পৃথক লাইন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
সংগঠনটির মতে, আলাদা লাইন চালু হলে জরুরি অভিযান, টহল কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে। ফলে জনসেবাও আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ প্রধান আইজিপি মো. আলী হোসেন ফকিরের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।
চিঠিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, জরুরি অভিযান চালানো, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তা এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জনসেবা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
বাস্তব প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, সরকারি দায়িত্ব পালনকালে অধিকাংশ পুলিশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন এবং রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমানে সারা দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে জ্বালানি তেল সংগ্রহের জন্য পুলিশ সদস্যদের সাধারণ জনগণের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টার একটি বড় অংশ পাম্পে অপেক্ষমাণ অবস্থায় নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, বিশেষ করে আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে দ্রুত সাড়া দেওয়াসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সময়মতো সম্পাদনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানারও সম্মুখীন হচ্ছেন; যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, জনস্বার্থে এবং এর জরুরি দায়িত্ব পালনের স্বার্থে, সারা দেশের সব সরকারি বা বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও কার্যকর নির্দেশনা একান্তভাবে কামনা করছি। আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমগ্র পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনসাধারণ আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা লাভ করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে