Views Bangladesh Logo

নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু পুলিশের, ফিরল খাকি প্যান্ট

পুলিশ সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের প্রায় সাত মাস পর নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১ জুলাই) থেকে দেশজুড়ে ধাপে ধাপে নতুন পোশাক পরে মাঠে নামছেন পুলিশ সদস্যরা।

রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে দেখা যায়। নতুন পোশাকে জেলা ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট এবং মহানগর পুলিশের সদস্যরা হালকা অলিভ (জলপাই) রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু হয়েছে। তবে এখনও সব সদস্য নতুন পোশাক পাননি।

তিনি বলেন, এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।

পুলিশ সদর দপ্তর গত ১৮ জুন নতুন ইউনিফর্ম সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশের শার্ট হবে গাঢ় নীল, মহানগর পুলিশের শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব ইউনিটের প্যান্ট হবে খাকি রঙের।

তবে এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি এবং র‍্যাব এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে। এসব ইউনিটের ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। পরে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের রঙের ইউনিফর্মে ফেরার উদ্যোগ নেয়।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২২ বছর পর বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও ফিরে এসেছে খাকি প্যান্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ