অপ্রতিম হত্যা: আইফোন উদ্ধার, বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন
কুমিল্লায় নিখোঁজের পর দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) লাশ উদ্ধারের ঘটনায় আটক এক আসামির কাছ থেকে তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের বিস্তারিত জানাতে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অভিযান চালিয়ে তুহিন নামের এক যুবকের বাড়ি থেকে ফোনটি উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তদন্ত সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, ওই আইফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানা গেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে পুলিশ। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানা গেছে।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। তারা কোটবাড়ী-গন্ধমতি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সিসিটিভি ফুটেজে দেখা যায়, টুপি পরা এক তরুণের সঙ্গে অপ্রতিম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছে। অন্য একটি ক্যামেরার ফুটেজে ওই তরুণকে অপ্রতিমকে ডেকে নিয়ে যেতে দেখা যায়। সেই ফুটেজ বিশ্লেষণ করেই পুলিশ অভিযুক্তকে শনাক্ত ও আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
মতামত দিন