Views Bangladesh Logo

টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযান, হেরোইন ও অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ অর্থ এবং পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, হাজী মাজার বস্তির চিহ্নিত মাদক কারবারিদের কয়েকশ কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ২ লাখ ৫৬ হাজার টাকা, বিভিন্ন দেশের মুদ্রা, কয়েক ভরি স্বর্ণালংকার, একটি টাকা গণনার যন্ত্র এবং পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরা ও এর ডিভিআর জব্দ করা হয়।

অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ