টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন, তদন্তে পুলিশ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে তোরণের একটি অংশ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার দুপুরে তোরণটির নির্মাণকাজ শেষ করা হয়।
অভিযোগ রয়েছে, রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি, নাম ও পদবি সংবলিত অংশ পুড়ে যায়।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তোরণ নির্মাণের পর তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রাতে তোরণে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান।
তিনি অভিযোগ করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা শুধু একটি তোরণ নয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতিকেই অবমাননা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এদিকে খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন