নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে জুলাই আন্দোলনে লুট হওয়া পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মীয়মাণ ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া পুলিশের পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় অস্ত্রটির সঙ্গে একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় একটি নির্মীয়মাণ ভবনে অভিযান চালায় র্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব জানায়, নির্মাণাধীন ভবনটি ছিনতাই ও মাদকসেবনের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভবনে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে ভবনে তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জামসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
তল্লাশির একপর্যায়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল ও এর একটি ম্যাগাজিন পাওয়া যায়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। তবে অস্ত্রটি কীভাবে ওই নির্মীয়মাণ ভবনে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অভিযানে চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের সংশ্লিষ্টতা যাচাইয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন