Views Bangladesh Logo

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত, পুলিশের নিরাপত্তা জোরদার

 VB  Desk

ভিবি ডেস্ক

গুলশান-মহাখালী সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধ পঞ্চম দিনে প্রবেশ করায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে শতাধিক শিক্ষার্থী। পরে কলেজের সামনের সড়ক অবরোধে রূপ নেয়।

এ অবস্থায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহাখালী-আমতলী মোড়ে জলকামান মোতায়েন করা হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, চলমান অবরোধের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ট্রাফিক সতর্কতামূলক গ্রুপেও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সমালোচনা করা হচ্ছে। সাধারণ মানুষ এই অবরোধকে বড় ধরনের দুর্ভোগ হিসেবে উল্লেখ করছেন।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসেন বলেন, ‘কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে আমরা সতর্ক আছি। তবে শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যায়, তাহলে আমরা তাদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে যাব না।’

সড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বারবার শিক্ষার্থীদের বুঝিয়ে বলছি যেন তারা সড়ক অবরোধ না করে, কারণ এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। আমরা তাদের বিকল্প উপায়ে প্রতিবাদ জানাতে পরামর্শ দিচ্ছি। তবে, যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ