Views Bangladesh Logo

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্ক পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশের সব পুলিশ ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন কিংবা মিছিলের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য কর্মসূচিতে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করতে পারেন। তাই পরিস্থিতি বিবেচনায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের সতর্কতা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। নির্দিষ্ট কোনো বড় ধরনের হামলা বা নিরাপত্তা হুমকির তথ্য নেই। তবে ২৩ জুনকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ