Views Bangladesh Logo

নেত্রকোনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে মো. শফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।


তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন–চার দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ব্যক্তিগত শত্রুতা থেকে শফিকুল ইসলামের ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ