রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি রাজশাহীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটের দিকে তার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগরে। তার বাবার নাম প্রয়াত আজিম উদ্দিন প্রামাণিক। তিনি স্ত্রী ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় ফোন দেন। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে আমিনুল ইসলাম বাসায় ফেরেন এবং আলাদা ঘরে ঘুমান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, আমিনুল ইসলামের স্বজনরা গ্রামের বাড়ি থেকে এসে পৌঁছেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে