Views Bangladesh Logo

বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে জিএমপি।

জানা গেছে, শনিবার বিরোধী দলের লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে সেখানে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।

পথসভাকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লংমার্চের গন্তব্য ও দাবিগুলো তুলে ধরা হয়েছিল।

পোস্টটি প্রকাশের পর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরবর্তী সময়ে তা মুছে দেওয়া হয়।

এরপর ওই কর্মকর্তাকে প্রত্যাহার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জিএমপি সূত্রে জানা গেছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ‘ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।’ ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ