রাঙামাটিতে ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটিতে ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাজেদুল হক সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে,ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, পারিবারিক কলহের জেরেই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছে বলে ধরণা করা যাচ্ছে। তার পাশের রুমেই স্ত্রী ঘুমিয়ে ছিলো। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে