Views Bangladesh Logo

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করে আনা হয়। তিনি ওই ক্যাম্পেই কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল শুক্রবার বিকেলে রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। পরে ক্যাম্পের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।

পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলে দেখেন সেটি ভেতর থেকে লক করা। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানার পরপরই খবর দেওয়া হয় ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ