Views Bangladesh Logo

অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস মারা গেছেন।

পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবদুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার আবু ইউসুফ মজুমদারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তিনি।

পরে চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক হঠাৎ তাকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। এতে সড়ক বিভাজকের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান আবদুল কুদ্দুস।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, আমার সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার দিনই পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ