বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো। এ ছাড়াও আন্দোলনরত পুলিশ সদস্যদের ১১ দফা দাবির মধ্যে কয়েকটি স্বল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেয়া হয়েছে। বাকীগুলো দীর্ঘ মেয়াদে পূরণ করা হবে বলে জানানো হয়।
রবিবার (১১ অগাষ্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদল। বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন পুলিশ সদস্যরা।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আরও জানা গেছে, এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।
বৈঠক শেষে পুলিশ কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না।”
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে