সাকিবের বাড়িতে হামলা: অভিযোগ না পেলেও তদন্ত চালাচ্ছে পুলিশ
মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, সাকিব আল হাসানের পরিবার বা অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবুও ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
এর আগে বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও ইটপাটকেল হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, বাড়ির গেটের একটি অংশে আগুনে পোড়ার চিহ্ন এবং আশপাশে ইটপাটকেলের আলামত পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বাড়ির দক্ষিণ পাশের প্রবেশপথে আগুন ও ধোঁয়ার দাগ রয়েছে। এছাড়া ভবনের দ্বিতীয় তলার দুটি জানালা এবং বাইরের সিঁড়ির একটি কাচ ভাঙা অবস্থায় রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি আশপাশের বাসিন্দারা।
জানা গেছে, বাড়িটিতে বর্তমানে সাকিব আল হাসানের এক অসুস্থ নিকটাত্মীয় বসবাস করেন। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা থানায় অভিযোগ দায়েরের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ওসি আব্দুল আল মামুন বলেন, ঘটনাটির পর এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। প্রয়োজন হলে বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন