Views Bangladesh Logo

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রয়োজনে আবারও তদন্ত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত যা বলেছেন, সেটাই কার্যকর হবে। যেহেতু তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ে এসে মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে যেন তিনি সম্পৃক্ত থাকতে পারেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর কাছে তিনি ঋণী। তারা সবসময় তাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ