পুলিশের হস্তক্ষেপে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ এড়ানো গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রোববার রাতে ঢাকা কলেজ ও সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়েছে।’
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের পাঁচ দফা দাবি, যার মধ্যে সাত কলেজে ভর্তি আসন কমানো অন্যতম, এ নিয়ে আলোচনার জন্য প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ ও কয়েকজন শিক্ষকের কাছে গেলে সেখানে তাদের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থীকে অপমান করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সেদিন সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। রাত সাড়ে ১০টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়।
নীলক্ষেত এলাকায় পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে