দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং সংশ্লিষ্ট থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও করণীয় নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
পুলিশ সুপার শামীমা পারভীন পূজা উদযাপন কমিটির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা থাকলে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব।
সভায় বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ দেন তারা। পুলিশ সুপার এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, পূজামণ্ডপগুলোতে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
মতামত দিন