ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ফরিদপুর শহরে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ান আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ। কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল আজিজ বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন