Views Bangladesh Logo

কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণা বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবির করছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

পুলিশের ভাষ্য, এসব প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়া যাবে না। তাই এ ধরনের বার্তার জবাব না দিতে এবং কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)-তে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ