পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
পুলিশের যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) জারি করা এক জরুরি বার্তায় বলা হয়, জঙ্গি সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে—এমন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে। এ কারণে পুলিশি যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য বা অবহেলার সুযোগ নেই।
নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনরত কিংবা দায়িত্ব শেষে রাখা—সব ধরনের পুলিশ যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
জরুরি বার্তায় আরও বলা হয়, দায়িত্বে থাকা কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ছাড়া দায়িত্ব শেষে থানায়, পুলিশ লাইন্সে, অফিস প্রাঙ্গণে বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
মতামত দিন