Views Bangladesh Logo

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও পুলিশ রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) রাতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কার তথ্য পাওয়ার পর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে রাতের টহল, মোবাইল ডিউটি ও বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় দায়িত্ব পালনের সময় কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক পরিস্থিতি নজরে এলে দ্রুত তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, সতর্কতার বিষয়টি এরই মধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিটকে জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের মোবাইল ফোনের বার্তার মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটকে নিজ নিজ এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকারী সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ