Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী হত্যা

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর, দেশে ফিরবে শিগগিরই

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ পুলিশের পক্ষ থেকে টাম্পা (সাউথ ফ্লোরিডা) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ হস্তান্তরের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে গোলাম মোর্তোজা বলেন, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কম্যুনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে।

মরদেহটি দেশে ফেরত পাঠানোর সময়সীমা সম্পর্কে তিনি আরও বলেন, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই এক দিন সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ২৭ বছর বয়সী জামিল লিমন ও বৃষ্টি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে একটি কালো ট্র্যাশ ব্যাগে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি এখনো নিখোঁজ থাকলেও পুলিশ কিছু পরিচয়হীন দেহাংশ উদ্ধার করেছে যা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হিশাম আবু গারবিয়েহকে (২৬) জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

হিশামের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার, মরদেহ সরানো এবং প্রমাণ লোপাটসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ