Views Bangladesh Logo

আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির কর্মীরা মিছিল-সমাবেশের মাধ্যমে নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে পুলিশ সেই পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শন শেষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সারা দেশে নজরদারি জোরদার করে এবং রাজধানীতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের আড়ালে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছিল। তাদের এই পরিকল্পনাকে আমরা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। আমি আশা করি, সামনে যে কয়েক ঘণ্টা সময় বাকি আছে, সেই সময়ের মধ্যেও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না।

তিনি জানান, গোয়েন্দা তথ্য পেয়ে আগেভাগেই তিন দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং মোবাইল প্যাট্রোল ও সাদাপোশাকে টহল বাড়ানো হয় বলে জানান কমিশনার। বাইরের জেলা থেকে ঢাকায় আওয়ামী লীগ কর্মীদের আসা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতেও নজরদারি বাড়ানো হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, বিভিন্ন মেস, হোটেল ও সম্ভাব্য আস্তানাগুলোতে তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়েছে, মিছিল-সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোই ছিল তাদের মূল লক্ষ্য।

এর আগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি।

নাশকতার পরিকল্পনা প্রসঙ্গে মোসলেহ উদ্দিন জানান, মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিল চলাকালে ও পরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। হাতবোমার বিস্ফোরণের ঘটনা থেকে তিনি 'মোটামুটি নিশ্চিত' যে সুযোগ পেলে দলটির কর্মীরা নাশকতামূলক তৎপরতায় লিপ্ত হতে পারে। তবে নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল বের হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ডিএমপি কমিশনার জানান, লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুরের মোট ২৮টি ইমামবাড়ার আয়োজনে ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররম ১০টি, ৯ মহররম ১৯টি এবং ১০ মহররম ২৪টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলের রুট নির্ধারণ ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অতীতে তাজিয়া মিছিলে হামলার ঘটনায় জড়িত কেউ কেউ ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে মুক্তি পাওয়ায় এবার হামলার আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জাবে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো আলামত তাঁদের কাছে নেই। তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো নাশকতার পরিকল্পনা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ