Views Bangladesh Logo

গাজীপুরে মজুরির দাবিতে সড়ক অবরোধ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকেরা একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার কর্মী। কাজে যোগ না দিয়ে তাঁরা কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শত শত শ্রমিক একত্র হয়ে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্পাঞ্চল পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুরে বিজিবি-৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ১০ প্লাটুনের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ১ নভেম্বর থেকেই তাঁরা জননিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ