Views Bangladesh Logo

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫৪

কুমিল্লা সদরসহ জেলার ১৮টি থানায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

রোববার কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ বলছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গ্যাং সংস্কৃতি থেকে কিশোরদের মূলধারায় ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ