কুষ্টিয়ায় নিহত পীরের কবরে পুলিশ মোতায়েন
কুষ্টিয়ার দৌলতপুরে হামলায় নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের লাশ কবর থেকে উত্তোলন করা হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় তার কবরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ফিলিপনগর এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফে’ বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে দরবারের প্রধান শামীম রেজা জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন। পরদিন ১২ এপ্রিল বিকেলে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামীম রেজা জাহাঙ্গীর একটি অনুষ্ঠানে ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধরা দরবারে হামলা চালায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “পীর সাহেবের ঘনিষ্ঠ ভক্তদের সঙ্গে কথা বলে বোঝানো হয়েছে যে কবর থেকে লাশ উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তারা আমাদের আশ্বস্ত করেছেন, এমন কোনো চিন্তাও করবেন না।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে