Views Bangladesh Logo

বাগেরহাটে খান জাহান আলী (র.) মাজারে পুলিশ মোতায়েন

কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা ও পীর হত্যার ঘটনার পর বাগেরহাটে হযরত খান জাহান আলী (র.)–এর মাজারে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মাজার এলাকায় দিঘিরপাড়সহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, মাজারের মূল ফটকেও কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। তবে দায়িত্ব পালনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তারা প্রকাশ্যে কিছু বলতে চাননি এবং ছবি তুলতেও দেননি।

ঘটনাস্থলে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান ভিউজ বাংলাদেশকে জানান, কুষ্টিয়ার একটি দরবারে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে তারা দায়িত্ব পালন করছেন।

পরবর্তীতে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক কিছু ঘটনার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসান ভিউজ বাংলাদেশকে বলেন, শুধু কুষ্টিয়ার ঘটনাকে কেন্দ্র করেই নয়, মাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত শনিবার কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেখানে পীর শামীম রেজা জাহাঙ্গীর নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ