Views Bangladesh Logo

কুষ্টিয়ায় পীর হত্যার পর বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

কুরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার পর জনপ্রিয় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বাউল শিল্পীর বাড়িতে কোনো সুনির্দিষ্ট হামলার হুমকি বা তথ্য পুলিশের কাছে নেই।

এ বিষয়ে বাউল শিল্পী শফি মণ্ডল জানান, তিনি গত এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন এবং গ্রামে কী ঘটছে সে সম্পর্কে বিস্তারিত অবগত নন। তবে তার মেয়ে লীনা মণ্ডল জানান, তার বাবা একজন আধ্যাত্মিক সংগীতশিল্পী এবং গানের প্রয়োজনে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ওই দরবার শরীফেও তিনি গিয়েছিলেন এবং সেখানে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

লীনা মণ্ডলের অভিযোগ, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিও ব্যবহার করে একটি চক্র ‘মব আতঙ্ক’ বা গণপিটুনির পরিবেশ তৈরি করেছে, যার ফলশ্রুতিতে পীর শামীম শিকার হয়েছেন। তিনি আরও বলেন, তার বাবা লালন শাহের দর্শন চর্চা করেন। আদর্শগত ভিন্নতা থাকলেও তারা ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল।

গত শনিবার কুরআন অবমাননার অভিযোগে স্থানীয়দের একটি দল কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার পাশাপাশি দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় আহত হন নিহতের তিন অনুসারী।

নিহত শামীম ওই দরবার শরীফের প্রধান ছিলেন। রোববার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতের বড় ভাই ফজলুর রহমান জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ